দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ তিন কমিশনারের নিয়োগ চূড়ান্ত করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান করপোরেট জগতের পরিচিত মুখ চেয়ারম্যান মাসুদ খান। একইসঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয় নাফিজ আল তারিক, নাহিদ মাহতাব ও তানভীর হাবিবকে। এর কয়েক ঘণ্টা পরই আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে নতুন কমিশন গণমাধ্যমের মুখোমুখি হয়। এসময় নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলাই লক্ষ্য। এজন্য পুরো বাজারকে ডিজিটালাইজেশনের আওতায় আনা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং আর্থিক তথ্য প্রকাশের মান উন্নয়নে কাজ করা হবে।’

একইসঙ্গে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, বাজার কারসাজি বা গোপনীয়তা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নতুন কোনো ফ্লোর প্রাইস আরোপ করা হবে না এবং বিদ্যমান ফ্লোর প্রাইস ধীরে ধীরে প্রত্যাহারের কথাও তুলে ধরেন নতুন চেয়ারম্যান। এদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারকে বলেন, ‘নতুন কমিশনের নেতৃত্বে পুঁজিবাজারের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান হবে এবং বাজারে নতুন গতি ফিরে আসবে।’
এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বলেন, ‘দেশের অর্থনীতির গতি ধরে রাখতে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এজন্য যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করেছে সরকার।’ এর আগে দুপুরেই বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর চার কমিশনারও পদত্যাগপত্র জমা দেন।
কেএম